
কলকাতা, ২ জানুয়ারি : খেলোয়াড়ি জীবনে সবকিছুই জিতেছেন মেসি, সেই সঙ্গে অসংখ্য রেকর্ডও গড়েছেন। এতকিছুর পরেও তার রেকর্ডের ক্ষুধা মেটেনি। নতুন বছরেও তার কাছ থেকে রেকর্ড ও গোল আশা করছে মেসিপ্রেমীরা। তার আগে দেখে নেব বিদায়ী বছরে মেসির গড়া ৭টি রেকর্ড-এর দিকে।
**কিংবদন্তি মারাডোনাকে টপকে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি দিন খেলার রেকর্ড মেসির। জাতীয় দলের হয়ে ম্যারাডোনা খেলেছেন ৬ হাজার ৩৫৭ দিন। ২০২৩ সালের শেষ পর্যন্ত জাতীয় দলের হয়ে মেসি খেলেছেন ৬ হাজার ৪২৭ দিন।
**বিদায়ী বছরে বন্ধু লুইস সুয়ারেজকে (২৯ গোল) টপকে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক হয়ে গেছেন মেসি। বর্তমানে মেসির মোট গোল ৩১টি।
**জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে। তিনি আলবিসেলেস্তেদের হয়ে এখন পর্যন্ত ১৮০টি ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ গোলসংখ্যাও তার। তার বর্তমান গোল সংখ্যা ১০৬টি।
**বিদায়ী বছরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক মেসি। বার্সেলোনা ও পিএসজির জার্সিতে মেসি করেছেন ৭০২ গোল। যেখানে পর্তুগিজ সুপারস্টার রোনালদোর রয়েছে ৭০১ গোল।
**কাতারে ২০২২ সালে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল জিতে অমর হয়ে গেছেন এলএমটেন। সেই দেশের ক্লাবের হয়েই আবার ২০২২-২৩ মরসুমে লিগ ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। ফুটবল ক্যারিয়ারে এমন রেকর্ডের মালিক একমাত্র মেসিই।
**মায়ামির জার্সিতে শিরোপা জিতে অনন্য উচ্চতায় গেছেন এলএমটেন। এটি ছিল মেসির ক্যারিয়ারে ৪৪তম ট্রফি। যা একটি বিশ্বরেকর্ড। তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের ৪৩ ট্রফি জয়ের রেকর্ডকে।
**ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি''অর জিতেছেন মেসি। এই পুরস্কার তার চেয়ে বেশি জেতেননি কেউ। এই পুরস্কারে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ড,জিতেছেন ৫টি।
