
কলকাতা, ১৫ জুন : নবাগত কুরাসাওকে গোল বন্যায় ভাসাল জার্মানি। হিউস্টনে রবিবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ৭-১ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউলিয়ান নাগেলসমানের দলের হয়ে জালের দেখা পেয়েছেন ছয় জন খেলোয়াড়। ২০১৪ আসরের সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর পর, এই প্রথম বিশ্বকাপের ম্যাচে সাত গোল করল জার্মানরা। মেচার গোলে পিছিয়ে পড়া কুরাসাওকে সমতায় ফেরান লিভানো কমেনেন্সিয়া। তবে প্রথমার্ধেই জার্মানি দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় নিকো শ্লটারবেক ও কাই হাভার্টজের গোলে। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উন্দাভ। শেষ দিকে আরো একটি গোল করেন হাভার্টজ। র্যাঙ্কিংয়ে ৭২ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে প্রায় ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য মোট ২৬টি শট নেয় জার্মানি, যার ১২টি ছিল লক্ষ্যে। কুরাসাওয়ের আট শটের দুটি লক্ষ্যে ছিল। এদিন অবসর ভেঙে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরা ৪০ বছর বয়সী গোলরক্ষক মানুয়েল নয়ার লোথার মাথাউসকে ছাড়িয়ে সবচেয়ে বেশি বয়সে জার্মানির হয়ে বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এবার শুরুটা তাদের ভালো হল।
