
ম্যানচেস্টার, ১২ ফেব্রুয়ারি: প্রিমিয়ার লিগে টানা পঞ্চম ম্যাচে আবারও জ্বলে উঠলেন গাসমুস হয়লুন। দেখা পেলেন গোলের। তারপরও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ম্যান ইউনাইটেড। শেষ দিকে বদলি নেমে দলের ত্রাতা হলেন স্কট ম্যাকটমিনে। তাঁর গোলে রোমাঞ্চকর জয় পেল এরিক টেন হাগের দল। ভিলা পার্কে রবিবার রাতে প্রিমিয়ার লিগের জমজমাট ম্যাচে ২-১ গোলে নাটকীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাস্টন ভিলার বিরুদ্ধে।
প্রথমার্ধের শুরুতেই হয়লুন ইউনাইটেডকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান দগলাস লুইস। নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ম্যাকটমিনে। গত নভেম্বরের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিতল ইউনাইটেড। ২৪ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে অ্যাস্টন ভিলা।
