
কলকাতা, ১৩ জুন: আর চার মাস পর ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। সেই উপলক্ষ্যে ইডেনেও থাকছে বেশ কয়েকটি ম্যাচ। তাই ক্লাব হাউজের গ্যালারি সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। এ ছাড়া অন্যান্য ব্লকের কাজও চলছে জোরকদমে। ইডেনের প্রধান গেটটার রূপটাও বদলে গেছে। এছাড়া একেবারে নীচে ড্রেসিংরুমের সামনের খোলনলচেও বদলে ফেলা হচ্ছে। মোটামুটি ইডেনের সব কিছুই নতুন ভাবে ঢেলে সাজানো হচ্ছে।
গত বছরই নন্দনকানন ইডেনকে কিভাবে নতুন রূপে তুলে ধরা হবে তার পরিকল্পনা সেরে রেখেছিল সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার পুরনো কমিটিই নীল নকশা তৈরি করেছিল। সেই মতোই কাজ শুরু হয়েছে। অত্যাধুনিক ভাবে গড়ে তোলা হবে ক্রিকেটের নন্দনকাননকে। আরও ঝাঁ চকচকে দেখাবে ইডেনকে। মেঝে জুড়ে থাকবে মার্বেলের কাজ। সিলিংয়ে থাকা আলোগুলোও হবে আরও উজ্জ্বল। কয়েকদিন আগেই সিএবিতে নতুন মিডিয়া সেন্টারের উদ্বোধন হয়। প্রেস বক্সও নতুন ভাবে তৈরি করা হয়েছে। ড্রেসিংরুমটাকেও ভালোভাবে তৈরি করার জন্য জোরকদমে কাজ শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই ইডেনের সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করছেন সিএবির কর্মকর্তারা। কারণ সেপ্টেম্বরেই ইডেন পরিদর্শনে আসবেন আইসিসির প্রতিনিধিরা। তাদের সবুজ সংকেত মিললে তবেই ইডেনে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে।
