
কলকাতা: ভারতীয় ফুটবলে, ভারতের খেলাধুলোয় রতন টাটার ভূমিকা অনস্বীকার্য। ভারতীয় ফুটবলে ২৫৬ জনের বেশি ফুটবল উপহার দিয়েছেন তিনি। বিভিন্ন সময়ে টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে ইস্টবেঙ্গলে এসেছেন বহু ফুটবলার। ফুটবলার তৈরির আঁতুড়ঘর টাটা ফুটবল অ্যাকাডেমি। এখান থেকেই ভবিষ্যতের ফুটবলার তৈরি হতো এখনও সেই সাধনায় ব্রতী। এহেন শিল্পপতি রতন টাটাকে এবছর ‘ভারত গৌরব’ সম্মান প্রদান করছে ইস্টবেঙ্গল ।
প্রথাগত রীতি মেনে প্রতিবছরের মতো এবছর ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এই বছর ক্লাবের ১০৪-তম প্রতিষ্ঠা দিবস। সেইদিনই বিশিষ্ট এই শিল্পপতিকে এবছরের ‘ভারত গৌরব’ সম্মান প্রদান করতে চায় ইস্টবেঙ্গল । তবে রতন টাটার শারীরিক অবস্থা ভাল নয়। তাঁর পক্ষে ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে এসে এই সম্মান নেওয়া সম্ভব নয়। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এই সম্মান নেওয়ার জন্য সম্মত হয়েছেন। তাঁর প্রতিনিধিও উপস্থিত হয়ে এই সম্মান গ্রহণ করতে পারেন। অথবা ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস ১ আগস্টের পরে লাল-হলুদ কর্তারা রতন টাটার হাতে তুলে দেবেন এই সম্মান।
প্রসঙ্গত, যাঁরা না থাকলে খেলোয়াড় তৈরি হত না, খেলাধুলোর উন্নতি বিধান সম্ভব হত না, তাঁদের সারাজীবনের প্রচেষ্টা, প্রয়াসকে কুর্নিশ জানায় ইস্টবেঙ্গল ক্লাব। মূলত সেই কারণেই এবার ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হচ্ছে শ্রদ্ধেয় রতন টাটাকে।
