
কলকাতা, ৩০ সেপ্টেম্বর : আইএসএলের প্রথম ম্যাচেই জামশেদপুর এফসির কাছে এক পয়েন্ট হারাতে হয়েছে। শেষ তিন বছরে আইএসএলের প্রথম ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। শনিবার ইস্টবেঙ্গলের সামনে হায়দরাবাদ এফসি। এই হায়দ্রাবাদের সঙ্গে শেষ সাতটি সাক্ষাতে আবার জয় নেই। তাই এবার লাল-হলুদের কাছে হায়দ্রাবাদ কঠিন চ্যালেঞ্জ। তবে এই মরশুমে নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত আসা জাগাচ্ছেন।
কারণ,মরশুমের শুরুতে প্রত্যাশা জাগিয়ে ইস্টবেঙ্গল শুরু করেছে। তারা ডুরান্ড কাপে বেশ ভালো পারফর্ম করে রানার্স আপ হয়েছে। গ্রুপ পর্বে মোহনবাগানকেও হারিয়েছে। সন্দেহ নেই আইএসএল আরও কঠিন লড়াই। কোচ কুয়াদ্রাতও জানেন, তাঁর দলকে ঘিরে প্রত্যাশা অনেক বেড়েছে। এ বারের হায়দরাবাদ দল যদিও কিছুটা শক্তি হারিয়েছে। বিদেশিদের পাশাপাশি আকাশ মিশ্রর মতো ভারতীয় ফুটবলার দল ছেড়েছেন। সিভেরিও টোরো, বোরহাদের নিয়েছে ইস্টবেঙ্গল।
আজ ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে ভাবাচ্ছে স্ট্রাইকারদের অফ ফর্ম। সিভেরিও, ক্লেটনরা ফর্মের ধারে কাছে নেই। এরই মধ্যে রয়েছে রক্ষণ সমস্যা।
কোচ কুয়াদ্রাত বলেন, ‘জামশেদপুর ম্যাচে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছি। তবে আমি অজুহাত দিতে চাই না। তবে সব ভুলভ্রান্তি ভুলে আজ তিন পয়েন্ট পেতে চাই। একটা জয়ই বদলে দিতে পারে সব কিছু।'
