
রিয়াদ, ৪ এপ্রিল : সৌদি প্রো লিগে শুক্রবার আল নাজমার বিপক্ষে ৫-২ গোলের জয়ের পর আল নাসর জয়ের ধারা অব্যাহত রেখে শীর্ষস্থানে চলে এল। ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুটি গোল করেন। ইনজুরি থাকার জন্য পর্তুগিজ তারকা আল নাসরের আগের দুটি লিগ ম্যাচে খেলতে পারেননি, এমনকি গত মাসে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচগুলো থেকেও বাদ পড়েছিলেন। ২৭টি লিগ ম্যাচে মাত্র একবার জয় পাওয়া আল নাজমা, প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে রাকান আল তুলাইহির গোলে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায়। আল নাসর দ্রুত ম্যাচে ফিরে আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। আবদুল্লাহ আল হামদান এবং সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর ।
বিরতির পর খেলা শুরু হওয়ার দুই মিনিট পরেই আবার ফেলিপে কার্ডোসোর গোলে সফরকারী দল সমতা ফেরায়, কিন্তু ৫৬তম মিনিটে রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলে আল নাসর আবার ম্যাচে ফিরে আসে। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। এবং এরপর অতিরিক্ত সময়ে মানে গোল করে জয় নিশ্চিত করেন। লিগে আল নাসরের টানা ১৩–তম জয় দলটিকে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দিল , যা দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ছয় পয়েন্ট বেশি। আল হিলাল শনিবার আল তা'আউনের বিপক্ষে খেলবে।
