
জেদ্দা, ২৩ ডিসেম্বর : এই বছর ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়ে নিজেদের পঞ্চম শিরোপা জিতল পেপ গুয়ার্দিওলার দল। ইউরোপ ও লাতিন আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বীর ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের লড়াই জমল না। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলতে এসে বাজিমাত করল পেপ গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। হুলিয়ান আলভারেসের নৈপুণ্যে ফ্লুমিনেন্সকে অনায়াসে হারিয়ে জিতল ক্লাব বিশ্বকাপ শিরোপা।
সৌদি আরবে শুক্রবার রাতের ফাইনালে ৪-০ গোলে জিতেছে সিটি।দুটি গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেস।পরের গোলটি করেছেন ফিল ফোডেন।এই গোলটিতেও ছিল আলভারেসের অবদান। অন্য গোলটি ছিল নিনোর আত্মঘাতী। উল্লেখ্য ইতিহাসের প্রথম কোচ হিসাবে গুয়ার্দিওলা ক্লাব বিশ্বকাপ জিতলেন চারবার। অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি জিতেছেন তিনবার। আর ফ্লুমিনেন্সকে হারিয়ে ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে এই শিরোপা জিতল সিটি। এর আগে এই শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল।
