
লন্ডন, ১০ জুন : সিটিতে অভিষেক মরশুমে ব্যক্তিগত ও দলগতভাবে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আর্লিং হলান্ডের। এরই মধ্যে স্বাদ পেয়েছেন দুটি শিরোপার। সামনে ‘ট্রেবল’ জয়ের হাতছানি। আর সিটিকে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে অস্থির হয়ে রয়েছেন এই তরুণ তারকা। আর নরওয়ের এই স্ট্রাইকারকে যা কিছুটা চাপেও ফেলে দিয়েছে। চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছে সিটি। ইস্তানবুলে আজ শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তারা মুখোমুখি হবে ইন্টার মিলানের। এই লড়াইয়ে জিতলেই দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে 'ট্রেবল' জয়ের ইতিহাস গড়বে সিটি।
উল্লেখ্য ১৯৯৮-৯৯ মরশুমে প্রথম এবং সবশেষ অনন্য এই কীর্তি গড়েছিল ম্যানচেস্টারের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপ সেরার প্রতিযোগিতায় সিটির সেরা সাফল্য ২০২১ সালে রানার্সআপ হওয়া। সুতরাং চ্যাম্পিয়নস লিগ তাদের কাছে এখনো অধরা। স্বপ্ন পূরণে আসছে ফাইনালে সিটির সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন হলান্ড। গত গ্রীষ্মে ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ গোল করেছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।
এই মুহূর্তে প্রত্যাশার চাপ টের পাচ্ছেন হলান্ডও। তবে নিজের সামর্থ্যে বিশ্বাস আছে এই তরুণের। তিনি বলেছেন, "অবশ্যই আমি চাপ অনুভব করছি। আমি যদি ‘না’ বলি, তাহলে মিথ্যা বলা হবে। আমি এখানে এমন একটি কাজ করতে এসেছি, যা ক্লাবটি আগে কখনও করেনি এবং সে লক্ষ্যে আমি নিজের সেরাটা ঢেলে দেব।”
