
বার্সিলোনা, ১৪ ডিসেম্বর : এই ম্যাচে বার্সেলোনা সেরা একাদশে ব্যাপক পরিবর্তন এনেও হোঁচট খেল। গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় ঘণ্টা বেজে যাওয়া রয়্যাল এন্টওয়ার্পের শেষটা স্মরণীয় করে রাখল জয়ে। যোগ করা সময়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের আগে প্রথম জয় তুলে নিল এন্টওয়ার্প। বার্সেলোনার নকআউট পর্বে খেলা অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল। এন্টওয়ার্পের মাঠে বুধবার রাতে ৩-২ গোলে হারলেও ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় উঠেছে শাভি এর্নান্দেসের দল। এই গ্রুপ থেকে রানার্সআপ হওয়ার লড়াই চলছিল পোর্তো ও শাখতার দোনেৎস্কের মধ্যে। শাখতারকে ৫-৩ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিল পোর্তো।
