
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাইশ গজের ঈশ্বর তিনি। তাঁর এক ঝলক দেখার জন্য উত্তেজনা ও উন্মাদনার শেষ নেই গোটা দেশের ৮ থেকে ৮০-র মধ্যে। যার ব্যাট বহুবার ভারতকে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছেন ,ভারতবাসীকে বিশ্বজয়ের স্বাদও এনে দিয়েছেন তিনি, এবার সেই ‘মাস্টার ব্লাস্টার’-এর হাতে এবার তুলে দেওয়া হল আসন্ন বিশ্বকাপের গোল্ডেন টিকিট।তাঁর হাতে এই টিকিট তুলে দিলেন বিসিসিআই-এর সচিব জয় শাহ বোর্ডের টুইট করা সেই ছবি মুহুর্তে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
বিসিসিআই-এর পক্ষ থেকে টুইট করে লেখা হয়েছে, ‘আমাদের দেশ ও ক্রিকেটের কাছে এক আইকনিক মুহূর্ত। ভারতরত্ন শচীন তেন্ডুলকরের হাতে ‘গোল্ডেন টিকিট’ তুলে দিচ্ছেন বোর্ড সচিব জয় শাহ। শচীনের কীর্তি আমাদের সবাইকে গর্বিত করেছে। তাঁর জার্নি আমাদের উদবুদ্ধ করেছে। আশাকরি উনি যে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে আসবেন, সেটা ভেবেই আমরা যথেষ্ট রোমাঞ্চিত হচ্ছি।’
উল্লেখ্য, এর আগে গত ৫ সেপ্টেম্বর অমিতাভ বচ্চনের হাতে তুলে দেওয়া হয়েছিল বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’। এবার সেই সম্মান পেলেন শচীন। ইতি মধ্যেই বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের দল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৮ অক্টোবর প্যাট কামিন্সদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।
বিশ্বকাপ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিইয়া মাঠে নামার আগে দেশের আর কোন কোন মহাতারকাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়, সেটাই দেখার।
