
সিডনি, ২১ মার্চ : এএফসি মহিলা এশিয়ান কাপের ফাইনালে শনিবার সিডনিতে প্রবল প্রতিদ্বন্দ্বী জাপানের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শিরোপা জয়ের লক্ষ্যেই নামছে ‘ম্যাটিল্ডাস’ শিবির। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ জো মন্টেমুরো তাঁর দলকে সাহসী ফুটবল খেলার বার্তা দিয়েছেন। ২০১০ সালে প্রথমবার এশিয়ান কাপ জয়ের ১৬ বছর পর দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। সেই জয়ের অন্যতম সদস্য ছিলেন স্যাম কের, যিনি তখন মাত্র ১৬ বছর বয়সে ফাইনালে গোল করেছিলেন। বর্তমানে ৩২ বছর বয়সী কেরের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দল। সম্প্রতি চিনের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর গুরুত্বপূর্ণ গোলই অস্ট্রেলিয়াকে ফাইনালে পৌঁছে দিয়েছে। অস্ট্রেলিয়ার ‘সোনালী প্রজন্ম’-এর বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের কাছে এটি বড় শিরোপা জয়ের শেষ সুযোগ হতে পারে। ক্যাটরিনা গোরি, এমিলি ভ্যান এগমন্ড ও স্টেফ ক্যাটলির মতো খেলোয়াড়রা কেরিয়ারের শেষ পর্যায়ে থাকায় এই ম্যাচ তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, জাপানও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে। ডেনমার্কের কোচ নিলস নিলসেনের অধীনে সাম্প্রতিক সময়ে দলটি উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০২৩ বিশ্বকাপ ও প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে ‘নাদেশিকো’ দল।ইতিহাসও জাপানের পক্ষেই কথা বলছে। ২০১৪ ও ২০১৮ সালের এশিয়ান কাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল জাপান। ফলে এবার তৃতীয়বারের মতো হার এড়াতে বিশেষ কিছু করে দেখাতেই হবে অস্ট্রেলিয়াকে। ঘরের মাঠে দর্শকদের সমর্থন থাকলেও, শিরোপা জিততে হলে ম্যাটিল্ডাসদের সেরা পারফরম্যান্সই দিতে হবে—এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
