
কলকাতা, ৪ আগস্ট : এশিয়া কাপ ক্রিকেটের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। ৩১আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এশিয়া মহাদেশের সেরা দলগুলোকে নিয়ে হয় এই টুর্নামেন্ট। এশিয়া কাপের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হল ভারত-পাকিস্তানের ম্যাচ। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তান এবং শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচের মধ্যেও আছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বলা যেতে পারে একটা মাস ধরে এশিয়া কাপে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
এশিয়া কাপে সব থেকে সফল দল হল ভারত। এখনও পর্যন্ত মোট ৭ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবেন রোহিত শর্মারা। ১৯৮৪-র উদ্বোধনী মরশুমেই ভারত ক্রিকেটে এশিয়ার সেরা হয়। তার পর থেকে তারা চ্যাম্পিয়ন হয়েছে ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ সালে।
এছাড়া টিম ইন্ডিয়া এশিয়া কাপে রানার্স হয়েছে ১৯৯৭, ২০০৪ ও ২০০৮ সালে। ভারত তিনটি ফাইনালেই হেরেছে শ্রীলঙ্কার কাছে। তারা ৭টি খেতাবের মধ্যে ৫ বার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে। শেষ ২ বার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ফাইনালে কখনও ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি।
