
কলকাতা, ২০ জুন : সিয়াটলে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব প্রায় নিশ্চিত করেছে স্বাগতিক আমেরিকা। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আমেরিকা। ফোলারিন বালোগুনের বাড়ানো পাস নিজেদের জালে বল পাঠিয়ে আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস। এই আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আমেরিকা।
৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। কর্ণার থেকে সের্হিনিও ডেস্টের নেওয়া শট প্রতিহত হয়ে ওপরে উঠে গেলে সেই বল দারুণ এক হেডে জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আমেরিকা। দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়া একের পর এক আক্রমণ চালিয়ে আমেরিকাকে কোণঠাসা করে ফেলেও কোনো গোল পায়নি। এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’ থেকে নকআউট পর্ব প্রায় নিশ্চিত করেছে আমেরিকা। গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়ে যদি তুরস্ককে হারায় কিংবা ড্র করে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হবে মার্কিনদের। আগামী বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে আমেরিকা।
