
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লিগ ও সেমিফাইনাল জিতে ১০-এ ১০ করেও, শেষে এসে তরী ডুবল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে রোহিত শর্মা -বিরাট কোহলিরা হারলেও, টেলিভিশনের ইতিহাসে রেকর্ড গড়ল ভারত। কাপযুদ্ধের ফাইনাল দেখল ৩০ কোটি মানুষ। এমনটাই 'এক্স' হ্যান্ডেলে জানিয়ে দিলেন বিসিসিআই-এর সচিব জয় শাহ।
বিশ্বকাপে একাধিক ম্যাচের টিকিট নিয়ে হাহাকার দেখা দিয়েছিল। তেমনই আগ্রহ দেখা গিয়েছিল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে। তবে যারা স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখার সুযোগ পাননি, তাঁরা চোখ রেখেছিলেন টেলিভিশন ও মোবাইলে। ৩০ কোটি ভারতীয় টিভিতে এই বিশ্বকাপ ম্যাচ দেখেছেন। যা টিভিতে সম্প্রচারিত হওয়া কোনও অনুষ্ঠানে সর্বাধিক দর্শক।
জয় শাহ 'এস্ক' হ্যান্ডেলে লিখেছেন, ‘২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ৩০ কোটি সমর্থকরা টেলিভিশনে দেখেছেন। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এটা সর্বকালীন রেকর্ড। এক সময়ে তো একসঙ্গে ১৩ কোটি দর্শক খেলা দেখছিলেন। খেলা নিয়ে ভারতবাসীর এই ভালবাসায় আমরা গর্বিত। এভাবেই দেশকে সমর্থন করবেন।’
এবারের কাপযুদ্ধে ভারতের প্রতি ম্যাচেই উন্মাদনা ছিল তুঙ্গে। সব ম্যাচ দাপটের সঙ্গে জিতেছিলেন মহম্মদ শামি-শুভমান গিলরা। ফলে উৎসাহ আরও বেড়েছিল দর্শকদের। কিন্তু মেগা ফাইনালে ভারতীয় সমর্থকদের স্বপ্ন পূরণ হয়নি। কারণ অজিদের কাছে ছয় উইকেটে হেরে যায় ভারতীয় দল। তবে তাতে কি! টিম ইন্ডিয়া ফাইনালে হারলেও, টেলিভিশনের ইতিহাসে রেকর্ড গড়ল ভারত।
