
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য সম্প্রতি ধুমধাম করে পালন করেছেন নিজের জন্মদিন। বন্ধু-বান্ধব ও ঘনিষ্ঠদের নিয়ে জমজমাট পার্টির একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে সেই উদযাপনের মধ্যেই নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে নীল-তৃণার সম্পর্ক। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক তারকা ও বন্ধু। বিশেষ করে অভিনেত্রী নন্দিনী দত্ত-র সঙ্গে নীলের একটি মজার ভিডিও নেটদুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু এত কিছুর মধ্যেও নজর কাড়ে অন্য একটি বিষয়—পার্টির কোনও ছবিতেই দেখা যায়নি নীলের স্ত্রী তৃণা সাহা-কে। এরই মাঝে তৃণার ইনস্টাগ্রাম স্টোরিতে করা কয়েকটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। একটি পোস্টে তিনি লেখেন, ‘অনুতাপ? হাহাহা… না, প্রকৃত ভালোবাসার মানুষগুলো এখনও আমার সঙ্গেই আছেন। আমি শুধু কিছু সাপকে হারিয়েছি।’ নীলের জন্মদিনেই শাপ শব্দটিকে রূপক হিসেবে ব্যবহার করে জীবনকে ‘অভিশাপ’ মুক্ত বলতে চাইলেন তৃণা?
শুধু তাই নয়, আরেকটি পোস্টে অতীতের অন্ধকার অধ্যায় পেরিয়ে নতুন জীবন শুরু করার বার্তাও ভাগ করে নেন তৃণা। সেই পোস্টে হারিয়ে যাওয়া, নিজেকে সময় দেওয়া এবং নতুন অধ্যায়ের কথা উল্লেখ ছিল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে—তাহলে কি সত্যিই সম্পর্কে দূরত্ব বেড়েছে? উল্লেখ্য, প্রায় চার বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীল ও তৃণা। দীর্ঘদিন ধরেই তাঁরা টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত। একসময় তাঁদের একসঙ্গে কাটানো নানা মুহূর্তে ভরে থাকত সোশ্যাল মিডিয়া। তবে গত কিছু মাস ধরে সেই উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে বলে মনে করছেন অনুরাগীরা।

যদিও অতীতেও একাধিকবার তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। প্রতিবারই সেই জল্পনাকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিয়েছিলেন দুজনেই। এবারও এখনও পর্যন্ত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নীল বা তৃণা। ফলে তাঁদের দাম্পত্যে সত্যিই ভাঙন ধরেছে কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে নীলের জন্মদিনের দিনেই তৃণার একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে কৌতূহল বাড়িয়েছে অনুরাগীদের মধ্যে। এখন সকলের নজর, এই জল্পনা নিয়ে আদৌ মুখ খুলবেন কি না তারকা দম্পতি।
