Entertainment

1 hour ago

Sourav Biopic Buzz: লর্ডসের সেই ঐতিহাসিক মুহূর্ত ফিরছে বড় পর্দায়, জন্মদিনেই প্রকাশ্যে সৌরভের বায়োপিকের প্রথম ঝলক

Rajkummar Rao as Sourav Ganguly in ‘Dada’
Rajkummar Rao as Sourav Ganguly in ‘Dada’

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-র প্রথম পোস্টার। সৌরভের জন্মদিনেই ছবির প্রথম লুক সামনে এনে নির্মাতারা জানিয়ে দিলেন, আগামী ১৪ মে, ২০২৭ মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। নিজের সমাজমাধ্যমেও পোস্টারটি ভাগ করে নেন সৌরভ।

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, অভিনেতা রাজকুমার রাও লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে হাতে জার্সি তুলে ধরেছেন। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভের সেই ঐতিহাসিক উদযাপনের মুহূর্তই যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় সেই দৃশ্যকে কেন্দ্র করেই ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। পোস্টার শেয়ার করে সৌরভ লেখেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার। তুমি আমার মতো কভার ড্রাইভ খেলবে, দেখতে মুখিয়ে রয়েছি।’ 


Former India captain Sourav Ganguly

২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যখন কঠিন চাপে, তখন যুবরাজ সিং ও মহম্মদ কাইফের দুর্দান্ত জুটিতে আসে ঐতিহাসিক জয়। সেই জয়ের পর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উড়িয়ে সৌরভ যে উদযাপন করেছিলেন, তা আজও ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকনিক মুহূর্ত হিসেবে স্মরণ করা হয়। জানা গিয়েছে, লাভ রঞ্জনের প্রযোজনায় এবং বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় তৈরি হচ্ছে এই বায়োপিক। কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে ছবির শুটিং। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য। অন্যদিকে, ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তানিয়া মানিকতল্লাকে। কলকাতার ইডেন গার্ডেন্স-সহ শহরের একাধিক জায়গায় চলছে ছবির শুটিং।

সাম্প্রতিক সময়ে ক্রীড়াবিদদের জীবনভিত্তিক সিনেমা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় ক্রিকেটের ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র জীবন নিয়ে তৈরি এই ছবি কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই নজর সিনেমাপ্রেমী ও ক্রিকেট অনুরাগীদের। 


You might also like!