Entertainment

1 hour ago

Kaushik Sen: ‘সিঁদুর-ফিদুর’ মন্তব্যে বিতর্কে কৌশিক সেন, নেটদুনিয়ায় সমালোচনার ঝড়

Kaushik Sen
Kaushik Sen

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-র প্রচারে এসে করা একটি মন্তব্য ঘিরে বিতর্কে জড়ালেন অভিনেতা কৌশিক সেন। বর্তমান প্রজন্মের সম্পর্কের ধারণা নিয়ে কথা বলতে গিয়ে তাঁর ব্যবহৃত কিছু শব্দ সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের অভিযোগ, তাঁর মন্তব্যে বিবাহ ও সিঁদুরের মতো সাংস্কৃতিক প্রতীকের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে। এক সাক্ষাৎকারে কৌশিক সেনকে নতুন প্রজন্মের সম্পর্কের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকের ‘জেন-জি’ সম্পর্ককে আগের প্রজন্মের তুলনায় ভিন্নভাবে দেখেন। তাঁর বক্তব্য, বিয়ে বা সিঁদুর পরার মতো সামাজিক রীতিকে তাঁরা বাধ্যতামূলক বলে মনে করেন না এবং জীবনকে আরও বিস্তৃত পরিসরে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তবে অভিনেতার বক্তব্যে ব্যবহৃত ‘সিঁদুর-ফিদুর’ এবং ‘লেবড়ে-লুবড়ে’ শব্দবন্ধই বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, আধুনিকতার ব্যাখ্যা দিতে গিয়ে ঐতিহ্যবাহী সংস্কার ও ব্যক্তিগত বিশ্বাসকে ছোট করে দেখা উচিত নয়। সামাজিক মাধ্যমে একাধিক ব্যবহারকারী লেখেন, সিঁদুর পরা বা না পরা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ সিঁদুর পরলে তিনি আধুনিক নন—এমন ধারণা ভুল বার্তা দেয়। আবার কেউ কেউ কৌশিক সেনের ভাষা ব্যবহারেরও কড়া সমালোচনা করেছেন। তাঁদের মতে, একজন জনসম্মুখে পরিচিত ব্যক্তির মন্তব্যে আরও সংযম থাকা উচিত। যদিও অভিনেতা এখনও এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি, তবুও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। সমর্থন ও বিরোধিতা—দুই পক্ষের মতামতেই সরগরম নেটদুনিয়া।

উল্লেখ্য, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিটি ২০২৩ সালের জনপ্রিয় ছবি ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়েল। দাম্পত্য, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগঘন গল্পকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। 

You might also like!