
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নারী নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত। প্রাক্তন ‘মিস পুণে’ তিশা শর্মার মৃত্যুর ঘটনা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে নারীদের বিরুদ্ধে বাড়তে থাকা অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেই প্রসঙ্গেই মহিলাদের উদ্দেশে কঙ্গনার বার্তা, “মহিলাদের আমি যে পরামর্শ দিচ্ছি সেটা কোনও সোশাল মিডিয়া ট্রেন্ড কিংবা ডেটিং অ্যাপ দেবে না। আমার একটাই কথা, নিজেদের পেশা বা কেরিয়ারকে অনেক বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনের যে কোনও মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে, তবে সেটা যেন পেশাকে ছাপিয়ে নিা যায়। পুরোপুরি স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের কথা ভাবুন।”
তবে সেই মন্তব্যের মাঝেই এবার নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে কঙ্গনার ব্যক্তিগত জীবন। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিও ঘিরে শুরু হয়েছে অভিনেত্রীর বিয়ে নিয়ে জল্পনা। ভিডিওতে দেখা যায়, সালোয়ার স্যুট পরিহিতা কঙ্গনার হাতে চুড়ি, কপালে টিপ, চোখে সানগ্লাস এবং গলায় স্পষ্ট মঙ্গলসূত্র। আবাসন থেকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বেরিয়ে সরাসরি গাড়িতে উঠে পড়েন তিনি। উপস্থিত পাপারাজ্জিদের দিকেও বিশেষ নজর দেননি অভিনেত্রী। কোনও ছবি না তুলেই গম্ভীর মুখে চলে যান। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। কেউ দাবি করছেন, চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন কঙ্গনা। আবার কারও মতে, এটি তাঁর আসন্ন ছবির নতুন লুক। এক নেটিজেন লেখেন, ‘যেই হোক সেই ভাগ্যবান মানুষটি, আশা করি কঙ্গনার দাম্পত্য জীবন সুখের হবে। ৪১ বছর বয়সে বিয়ে করাটা স্বাভাবিকই।’ অপর এক নেটাগরিকের মন্তব্য, ‘অবশেষে কঙ্গনা বিয়ে করলেন।’ নেটপাড়ৃার এক সদস্যের দাবি, ‘তিনি সম্ভবত কোনও মহারাষ্ট্রীয়কে বিয়ে করেছেন।’

যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কঙ্গনা। তবে একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওটি তাঁর আসন্ন ছবি ‘ক্যুইন ফরএভার’-এর লুক টেস্ট বা শুটিংয়ের অংশ হতে পারে। জানা গিয়েছে, পরিচালক বিকাশ ভ্যালের-এর পরিচালনায় ইতিমধ্যেই মুম্বইয়ে ছবির শুটিং শুরু করেছেন অভিনেত্রী।
