Entertainment

1 hour ago

Uttam Kumar 100: উত্তম কুমারের শতবর্ষে মহাউদ্যোগ, প্রসেনজিৎকে বিশেষ বার্তা শুভেন্দু অধিকারীর

Tribute to Mahanayak Uttam Kumar
Tribute to Mahanayak Uttam Kumar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই উদ্যোগকে সফল করতে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

চিঠিতে প্রথমেই আর্টিস্টস ফোরামের উদ্যোগে আয়োজিত ‘শ্রদ্ধাঞ্জলি ২০২৬’ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন,  'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ২০২৬ অনুষ্ঠানের জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দীর্ঘ কয়েক দশক ধরে শিল্পীদের পেশাগত মর্যাদা রক্ষা, কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ এবং প্রবীণ ও নবীন শিল্পীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার যে নিরলস কাজ আপনারা করে চলেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলা চলচ্চিত্র ও অভিনয় জগতের কিংবদন্তি শিল্পীদের প্রতি বর্তমান প্রজন্মের এই সম্মান নিবেদনের আন্তরিক প্রয়াস আমাকে গভীর ভাবে স্পর্শ করেছে।' চিঠিতে বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বাংলা চলচ্চিত্রকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বেশি পরিচিত করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।


এবারের মূল আকর্ষণ হিসেবে উঠে এসেছে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপন। মুখ্যমন্ত্রী জানান, ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই কিংবদন্তি অভিনেতার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার বৃহৎ পরিসরে একাধিক অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করেছে। তাঁর মতে, বাঙালির সংস্কৃতি, মনন ও চলচ্চিত্রে উত্তম কুমারের অবদান অনন্য এবং চিরস্মরণীয়।  এই কর্মসূচিকে সফল করতে গোটা বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী, পরিচালক, প্রযুক্তিবিদ এবং অন্যান্য কলাকুশলীদের একযোগে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর আশা, সকলের সম্মিলিত উদ্যোগেই মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় হয়ে উঠবে। 

You might also like!