
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড ও টেলিভিশন জগতের পরিচিত অভিনেতা দর্শন জারিওয়ালা অবশেষে তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অপরা মেহতার দীর্ঘদিনের পুরনো অভিযোগ নিয়ে মুখ খুললেন। অপরা একাধিকবার দাবি করেছিলেন, দর্শন সংসার ছেড়ে চলে গিয়েছিলেন, এমনকি তাঁকে ‘কুৎসিত’ বলেও অপমান করেছিলেন। তাঁর আরও অভিযোগ ছিল, দর্শন তাঁকে জানিয়েছিলেন যে তাঁদের সম্পর্কের ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। যদিও স্ত্রীর তোলা এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অভিনেতা।
সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করে দর্শন জানান, কোনও মানুষের চেহারা নিয়ে কটূক্তি করা তাঁর স্বভাবের মধ্যে নেই। এমনকি সাধারণ চেহারার কাউকেও তিনি ‘কুৎসিত’ বলতে পারেন না বলে দাবি করেন। অভিনেতার কথায়, মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে তিনি বরাবরই তার মনের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। দর্শন ও অপরা গত ২৩ বছর ধরে আলাদা থাকেন। এত বছর পর পুরনো বিষয়গুলি ফের প্রকাশ্যে আসা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেতা। তাঁর বক্তব্য, ‘‘২৩ বছর আলাদা থাকার পর এখন কেন এই বিষয়গুলি বলা হচ্ছে? তিনি যা খুশি বলতে পারেন, নিজেকে ভুক্তভোগী হিসেবেও তুলে ধরতে পারেন। কিন্তু আমি আমার সত্যটা জানি।’’
১৯৮২ সালে বিয়ে করেছিলেন দর্শন ও অপরা। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে বলে জানান অভিনেতা। তাঁর দাবি, দু’জনের চিন্তাভাবনা এবং জীবনের অগ্রাধিকার ধীরে ধীরে আলাদা হয়ে গিয়েছিল। পাশাপাশি তাঁদের একটি ব্যবসায়িক উদ্যোগ ব্যর্থ হওয়ায় আর্থিক সমস্যাও তৈরি হয়। সেই পরিস্থিতির প্রভাব তাঁদের দাম্পত্য সম্পর্কের উপর পড়েছিল বলেই দাবি দর্শনের। অভিনেতা আরও জানান, সম্পর্কের টানাপোড়েনের মাঝে তিনি আইনি ভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে অপরা সম্মতি না দেওয়ায় সেই আবেদন আর এগোয়নি। ফলে দীর্ঘদিন আলাদা থাকলেও তাঁদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়নি।

বাড়ি ছেড়ে বেরিয়ে আসার সময়ের পরিস্থিতির কথাও সাক্ষাৎকারে জানান দর্শন। তাঁর দাবি, নিজের অধিকাংশ জিনিসপত্র তিনি অপরা এবং তাঁদের মেয়ের জন্য রেখে এসেছিলেন। এমনকি নতুন করে বাড়ি ভাড়া নেওয়ার মতো আর্থিক সামর্থ্যও তখন তাঁর ছিল না। ফলে কিছু সময় বন্ধুদের বাড়িতেই থাকতে হয়েছিল তাঁকে। মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অপরা যে অভিযোগ করেছেন, তা মানতে নারাজ দর্শন। অভিনেতার দাবি, মেয়ের সঙ্গে এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে। শুধু তাই নয়, নিজের সামর্থ্য অনুযায়ী তিনি মেয়েকে আর্থিক ভাবেও সাহায্য করেন।
তবে অতীতের সেই অধ্যায় এখন পেরিয়ে এসেছেন বলেই জানিয়েছেন দর্শন জারিওয়ালা। বর্তমানে নিজের জীবন নিয়ে সুখী তিনি। অভিনেতার দাবি, ২০১০ সাল থেকে ইন্টিরিয়র ডিজাইনার অনাহিতা ইতালিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। পুরনো সম্পর্কের তিক্ততা পিছনে ফেলে বর্তমান জীবন নিয়েই এগিয়ে যেতে চান অভিনেতা।
