Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

1 day ago

Madhavan Controversy: ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে মাধবনের সাক্ষাৎ ঘিরে বিতর্ক, নিট ইস্যুর আবহে নেটমাধ্যমে সমালোচনার ঝড়

R Madhavan with Dharmendra Pradhan
R Madhavan with Dharmendra Pradhan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিট (NEET) পরীক্ষা সংক্রান্ত বিতর্কে যখন দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসর উত্তাল, ঠিক সেই সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে অভিনেতা আর. মাধবনের একটি সৌজন্য সাক্ষাৎ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক। 

নিট পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বহু পরীক্ষার্থী এবং তাঁদের পরিবার মানসিক চাপে ভুগছেন বলে অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে পরপর দু’বছর ধরে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আর. মাধবন। ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিনের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মান গ্রহণের পর অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সৌজন্য বিনিময় করেন অভিনেতা। সেই তালিকায় ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।


পরে ধর্মেন্দ্র প্রধান নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে মাধবনের সঙ্গে তোলা ছবি পোস্ট করে তাঁকে অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘পদ্ম পুরস্কারপ্রাপ্তদের সম্মানে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির আয়োজিত নৈশভোজে অভিনেতা আর. মাধবনের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগল। পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানাই। ওঁর প্রতিভা, বিনয় এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকার প্রজন্মের পর প্রজন্ম মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র করেছে।’ তবে সেই ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ার একাংশ ক্ষোভ প্রকাশ করে। অনেকেই প্রশ্ন তোলেন, দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের আবহে শিক্ষামন্ত্রীর সঙ্গে অভিনেতার এই সৌজন্য সাক্ষাৎ কতটা সংবেদনশীল বার্তা বহন করছে। কেউ কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেন,  ‘মনে হচ্ছে মাধবনকে এমন একটি সিনেমা বানানোর অনুরোধ করছেন। যেখানে দেখানো হবে কীভাবে আইএসআইএস নিটের সার্ভার হ্যাক করে প্রশ্নপত্র ফাঁস করেছিল। তারপর শিক্ষা মন্ত্রক বীরত্বের সঙ্গে পরীক্ষা বাতিল করে পরিস্থিতি সামলায়।’

নেটপাড়ার অপর এক সদস্য মাধবনের উদ্দেশে বলেন, ‘একটু লজ্জা থাকা উচিত।’ ‘থ্রি ইডিয়টস’ প্রসঙ্গ টেনে এক ব্যক্তির বক্তব্য, ‘আপনার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ছিল থ্রি ইডিয়টস। যেখানে তরুণ প্রজন্মের স্বপ্ন ও শিক্ষাব্যবস্থার কথা বলেছিল। আর আজ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে মেলামেশা করছেন যিনি তরুণদের স্বপ্ন ভেঙে দিচ্ছেন বলে অভিযোগ। এটা অত্যন্ত দুঃখজনক।’  যদিও মাধবন বা তাঁর টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। তবে একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ কীভাবে বৃহত্তর রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসতে পারে, তারই সাম্প্রতিক উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা। 

You might also like!