Entertainment

59 minutes ago

Bollywood Remix Controversy: ‘চুনারি চুনারি’ রিমেক ঘিরে বিতর্ক! বরুণদের নতুন ভার্সনে ক্ষুব্ধ নেটদুনিয়া

Varun Dhawan on recreating Chunari Chunari in Hai Jawani Toh Ishq Hona Hai
Varun Dhawan on recreating Chunari Chunari in Hai Jawani Toh Ishq Hona Hai

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘চুনারি চুনারি’ আজও বলিউডপ্রেমীদের নস্টালজিয়ার অন্যতম অংশ। ১৯৯৯ সালের সুপারহিট ছবি ‘বিবি নম্বর ওয়ান’-এ সলমন খান ও সুস্মিতা সেনের সেই ঝলমলে পারফরম্যান্স এখনও দর্শকদের মনে অমলিন। আর এবার সেই কালজয়ী গানই নতুনভাবে ব্যবহার করা হয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে। তবে গান প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।

নতুন সংস্করণে নাচতে দেখা গিয়েছে বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে ও ম্রুণাল ঠাকুরকে। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা। কিন্তু দর্শকদের একাংশের দাবি, আসল গানের আবেদন ও ম্যাজিক নতুন সংস্করণে একেবারেই ধরা পড়েনি। বরং সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। নেটিজেনদের অনেকেই সরাসরি হতাশা প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘এত গোলমাল করে ফেলাটা নিশ্চয়ই অবিশ্বাস্য রকমের কঠিন ছিল!’ আরেকজনের মত, ‘কাল্ট গানটিকে ধ্বংস করে দেওয়ার জন্য ধন্যবাদ। মূল গানটার ১ শতাংশ ধারেকাছেও পৌঁছয়নি।” অন্য এক নেটিজেন লিখেছেন, ‘এরা কেন সব সময় আসল গানগুলিকে এভাবে বিকৃত করে ফেলে?’ ইউটিউবের কমেন্ট বক্সেও একই সুর শোনা যাচ্ছে বলে দাবি দর্শকদের। এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও একাধিক পুরনো হিট গানের রিমেকে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানকে। ‘উঁচি হ্যায় বিল্ডিং’ বা ‘চলতি হ্যায় ক্যায়া ন সে বারা’র মতো গান নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার ‘চুনারি চুনারি’ নতুন করে সেই সমালোচনাকেই আরও উস্কে দিল।


এরই মাঝে বিষয়টি নিয়ে মজার ছলে প্রতিক্রিয়া দিয়েছেন সলমন খানও। সম্প্রতি এক অনুষ্ঠানে ডেভিড ধাওয়ান ও বরুণ ধাওয়ানের সঙ্গে হাজির ছিলেন তিনি। সেখানে হাসতে হাসতেই ‘ভাইজান’ বলেন, ”আমার আরও একটি গান তুলে নিয়েছে!” সলমনের এই মন্তব্যে মঞ্চেই হেসে ফেলেন বরুণ। পরে আবার মজার ছলেই সলমন বলেন, “ভাই, এবার ছেড়ে দে!” সব মিলিয়ে, নতুন ‘চুনারি চুনারি’ গানটি মুক্তির পর দর্শকদের একাংশের মধ্যে নস্টালজিয়া ফিরলেও, রিমেকের মান নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। 

You might also like!