Entertainment

1 hour ago

Cocktail 2 Box Office Sensation: বক্স অফিসে ঝড় ‘ককটেল ২’-এর, প্রথম দিনেই ভাঙল ১৪ বছরের পুরনো রেকর্ড

Shahid Kapoor, Kriti Sanon and Rashmika Mandanna
Shahid Kapoor, Kriti Sanon and Rashmika Mandanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুক্তির প্রথম দিনেই দর্শকদের বিপুল সাড়া পেল শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা এবং কৃতি শ্যানন অভিনীত ‘ককটেল ২’। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। ট্রেড মহলের হিসাব অনুযায়ী, প্রথম দিনের আয় প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে এবং ২০১২ সালের জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর ওপেনিং ডে কালেকশনকেও পিছনে ফেলেছে। ছবিটি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে উল্লেখযোগ্য সাফল্য পায়। প্রায় ১.৬ লক্ষ টিকিট বিক্রির মাধ্যমে মুক্তির আগেই ৫.৫৭ কোটি টাকা আয় করে নির্মাতারা। সেই পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্লেষকদের অনুমান ছিল, প্রথম দিনের আয় ১০ থেকে ১২ কোটির মধ্যে থাকতে পারে। তবে সব পূর্বাভাসকে অতিক্রম করে ‘ককটেল ২’ ভারতের বক্স অফিসে প্রথম দিনেই ১৩.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। 


উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’-এ অভিনয় করেছিলেন সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টি। সেই ছবির প্রথম দিনের আয় ছিল ১০.৯৫ কোটি টাকা। ফলে নতুন সিক্যুয়েলটি উদ্বোধনী দিনের ব্যবসায় আগের ছবির রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটি ভালো সাড়া পেয়েছে। বিদেশে প্রথম দিনে প্রায় ৪ কোটি টাকার ব্যবসা করেছে ‘ককটেল ২’। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির প্রথম দিনের মোট আয় পৌঁছেছে ২০.২০ কোটিতে। 


বক্স অফিস সূত্রের দাবি, সপ্তাহান্তের ছুটির আবহ, ছবির জনপ্রিয় গান এবং শাহিদ-রাশ্মিকা-কৃতির নতুন অনস্ক্রিন রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শোগুলিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনের এই দুরন্ত সূচনার পর ট্রেড বিশেষজ্ঞদের একাংশের ধারণা, সপ্তাহান্ত শেষ হওয়ার আগেই ৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে ‘ককটেল ২’। এখন দেখার, আগামী কয়েক দিনে ছবিটি বক্স অফিসে কতটা গতি ধরে রাখতে পারে।

You might also like!