
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের পার্টি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—বাবা আরবাজ খান ও মা মালাইকা অরোরার ছেলে আরহান খানকে ইদানীং প্রায়ই নজরে আসতে দেখা যায়। এবার তাঁর পেশাগত জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলল। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বড় পর্দায় পা রাখতে চলেছেন আরহান। আর তাঁর বলিউড ডেবিউ হতে চলেছে একটি বড় বাজেটের অ্যাকশন ছবির হাত ধরে। জুম-এর একটি প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্র নির্মাতা অনিরুদ্ধ আইয়ারের পরিচালনায় তৈরি হতে চলা একটি অ্যাকশন ছবিতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করবেন আরহান। এর আগে ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিটি পরিচালনা করেছিলেন অনিরুদ্ধ। জানা গিয়েছে, আরহানের ডেবিউ ছবিটি বড় বাজেটের হতে চলেছে এবং বর্তমানে ছবির চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে।
এর আগে ছেলেকে বলিউডে লঞ্চ করার বিষয়ে মুখ খুলেছিলেন আরবাজ খানও। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আরহানের জন্য তাঁর নিজের কাছে কোনও প্রস্তাব থাকলে তিনি অবশ্যই তা ছেলের সামনে রাখবেন। তবে শেষ সিদ্ধান্ত আরহানকেই নিতে দেবেন তিনি। আরবাজের কথায়, বলিউডে নতুন মুখ ও প্রতিভার সন্ধানে রয়েছেন বহু নির্মাতা। তাই তাঁর ছেলের কাছেও অন্য কোনও পরিচালকের প্রস্তাব এলে সেটিও বিবেচনা করার স্বাধীনতা রয়েছে। অর্থাৎ, বাবার পরিচয়ের পাশাপাশি নিজের পছন্দ ও সিদ্ধান্তকেই গুরুত্ব দিতে চান আরহান। অভিনয়ে আসার আগে অবশ্য অন্য একটি ক্ষেত্রেও নিজের পরিচয় তৈরি করেছেন আরহান। কিছুদিন আগে বন্ধু দেব ও আরুশের সঙ্গে ‘দম বিরিয়ানি’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তাঁদের পরিবারের সদস্যদেরও অংশ নিতে দেখা গিয়েছিল।
অন্যদিকে, আরহানের বাবা আরবাজ খান দীর্ঘদিন ধরেই বলিউডের সঙ্গে যুক্ত। ১৯৯৬ সালে ‘দারার’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। পরবর্তীতে ‘ফির প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’, ‘মা তুঝে সালাম’, ‘ইয়ে মোহাব্বত হ্যায়’, ‘সোচ’ এবং ‘কুছ না কহো’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি পরিচালনাতেও নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। সলমন খান অভিনীত ‘দাবাং ২’-এর পরিচালনার দায়িত্বও ছিল তাঁর কাঁধে। মালাইকা অরোরাও বলিউডের অন্যতম পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তাঁর নাচ ও আইকনিক গানের পারফরম্যান্স তাঁকে বিশেষ জনপ্রিয়তা দিয়েছে। ‘ছাইয়া ছাইয়া’, ‘কাল ধামাল’, ‘হোঁঠ রসিলে’ এবং ‘মুন্নি বদনাম’-এর মতো গানে তাঁর পারফরম্যান্স আজও দর্শকদের মনে দাগ কেটে রয়েছে। আরবাজ ও মালাইকার বিবাহবিচ্ছেদের পর দু’জনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। আরবাজ বর্তমানে শুরা খানের সঙ্গে বিবাহিত এবং তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে, মালাইকা দীর্ঘদিন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পর তাঁদের সেই সম্পর্কও ভেঙে যায়। এবার বাবা-মায়ের পথ অনুসরণ করে আরহান কবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন, সেটাই দেখার। তবে অ্যাকশন ছবির হাত ধরে তাঁর বলিউডে প্রবেশের খবর ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
