Entertainment

1 hour ago

Anupam vs Akhilesh: রাম মন্দির বিতর্কে অনুপম বনাম অখিলেশ, বাকযুদ্ধে নতুন মোড়

Anupam Kher shared a cryptic video on X amid Ayodhya row
Anupam Kher shared a cryptic video on X amid Ayodhya row

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রামভূমি অযোধ্যার রাম মন্দিরে অনুদানের অর্থ চুরির অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ একাধিক বিরোধী দল। তাদের অভিযোগ, এমন ঘটনা সনাতন ধর্মের ভাবমূর্তিতেও প্রশ্ন তুলছে। এই আবহেই বিষয়টি নিয়ে মন্তব্য করেন অভিনেতা অনুপম খের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম খের বলেন, রাম মন্দিরে অনুদান চুরির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা উচিত। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে কয়েকজনের অপরাধের জন্য সনাতন ধর্ম বা ভগবান রামের নামকে কাঠগড়ায় তোলা উচিত নয় বলেও মত প্রকাশ করেন তিনি।

অভিনেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই তাঁর বক্তব্যের কড়া বিরোধিতা করেন। বিতর্কে নতুন মাত্রা যোগ করেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। এক্স (সাবেক টুইটার)-এ নাম উল্লেখ না করেই তিনি লেখেন, ‘ এ এক অদ্ভুত যুক্তি। চোরকে কিছু বলা যাবে না কিন্তু যারা চুরি ধরেছে তাদেরই উপদেশ দেওয়া হবে। চোরদের প্রতি এমন সহানুভূতির নেপথ্যে নিশ্চয়ই কোনও বিশেষ কারণ বা রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে।’ 

এই সমালোচনার জবাবে অনুপম খের একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, “অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি কীভাবে যে কোনও বিষয়ে এত নির্ভয়ে কথা বলি। জনপ্রিয়তা হারানোর ভয় নেই? আমার একটাই উত্তর, আমি সবাইকে খুশি করার চেষ্টা করি না। আমার জীবনদর্শন, প্রথমে নিজের কাছে প্রিয় মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন।”  তাঁর মতে,  অন্যের মন জোগাতে গিয়ে অনেকেই নিজের স্বকীয়তা হারিয়ে ফেলেন। পৃথিবীর প্রত্যেক মানুষকে সন্তুষ্ট করা অসম্ভব বলেই তাঁর বিশ্বাস। তাই অন্যকে খুশি করার জন্য নয়, নিজের মূল্যবোধ ও আত্মসম্মান বজায় রেখেই চলার পরামর্শ দেন বর্ষীয়ান অভিনেতা। রাম মন্দির বিতর্ককে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই অনুপম খেরের এই বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তাঁর মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমেও চলছে জোর বিতর্ক। 


You might also like!