
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সদ্যপ্রয়াত পরিচালক অনীক দত্তের শেষকৃত্য বৃহস্পতিবার হচ্ছে না। পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার সম্পন্ন হবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত এক লিখিত বার্তায় জানান, তাঁদের একমাত্র কন্যা ঐশী দত্ত সুইডেন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় ফিরবেন। বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই মেয়ের অপেক্ষায় শেষকৃত্যের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিচালকের দেহ রাখা হয়েছে ‘পিস ওয়ার্ল্ড’-এ। প্রথমে জানা গিয়েছিল, বৃহস্পতিবার বিকেলে নন্দনে অনীক দত্তের দেহ শায়িত রাখা হবে এবং পরে কেওড়াতলা মহাশ্মশানে দাহ সম্পন্ন হবে। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় বদল আসে। সূত্রের খবর, নন্দনে দেহ রাখা হবে কি না, তা নিয়েও কিছু মতবিরোধ তৈরি হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন অনীক দত্ত। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তিনি একাই বাড়ির ছাদে ওঠেন। এরপর চারতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে একাধিক গুরুতর আঘাতের কথা উঠে এসেছে। জানা গিয়েছে, পরিচালকের মাথার বাঁ দিকের খুলির হাড় ভেঙে গিয়েছিল এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। পাশাপাশি বাঁ দিকের পাঁজর, কোমর ও পায়ে গুরুতর চোটের চিহ্ন মিলেছে। মুখ, পিঠ ও কোমরে গভীর ঘর্ষণের দাগও পাওয়া গিয়েছে। এমনকী, তাঁর ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে। তদন্তকারীদের অনুমান, চারতলা থেকে পড়ে যাওয়ার সময় আবাসনের পাশের একটি গাছের ডালে ধাক্কা লেগে তা ভেঙে যায়, তারপর মাটিতে আছড়ে পড়েন পরিচালক। গোটা ঘটনায় এখনও শোকস্তব্ধ টলিপাড়া।
