
কোচি, ২১ জুন : ভারতের সমৃদ্ধ সংস্কৃতিকে স্বীকার করার পাশাপাশি তা গ্রহণও করছে বিশ্ব। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার নবম আন্তর্জাতিক যোগ দিবসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "শুধুমাত্র ভারতে নয়, গোটা বিশ্বে উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এটি আমাদের সকলের জন্য গর্বের বিষয়, কারণ যোগব্যায়াম বিশ্বব্যাপী পালিত হচ্ছে এবং ভারতের সমৃদ্ধ সংস্কৃতিকে স্বীকার করছে বিশ্ব, তা গ্রহণও করছে।"
গোটা দেশজুড়ে বুধবার অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। বুধবার সকালে কেরলের কোচিতে আইএনএস বিক্রান্ত-এ যোগাভ্যাস করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সঙ্গে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার প্রমুখ। রাজনাথ এদিন বলেছেন, যোগব্যায়াম শুধুমাত্র কয়েকটি আসন নয়, এটি কর্মা, জ্ঞান ও ভক্তির সঙ্গে সম্পর্কিত।
