
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খুব তাড়াতাড়ি ইউনেসকোর হেরিটেজ তকমা পেতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে ৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, খুব শীঘ্রই ইউনেসকোর হেরিটেজ তকমা পেতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এটাই হতে চলেছে বিশ্বের প্রথম ‘লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি’।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বয়ান উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, ‘এটি হেরিটেজ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হবে। এটাই হবে বিশ্বের প্রথম হেরিটেজ বিশ্ববিদ্যালয়।’ উপাচার্য আরও বলেছেন, ‘এপ্রিল বা মে মাসে একটি আনুষ্ঠানিক বৈঠক হওয়া বাকি রয়েছে। তাছাড়া বাকি সব হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের থেকে ইউনেসকোর কাছে বিশ্বভারতীকে হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য অনেকদিন আগেই আবেদন জানানো হয়েছিল। ইতিমধ্যেই দুই বার কেন্দ্রের তরফে আবেদন করা হয়েছিল। অতীতে ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস-এর একটি প্রতিনিধি দলও বিশ্বভারতী পরিদর্শনে এসেছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা ছাড়াও ওই প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রের প্রতিনিধিও। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলেন তাঁরা। এবার শেষ পর্যন্ত হেরিটেজ তকমা পেতে চলেছে বিশ্বভারতী। তবে এ প্রসঙ্গে এখনো সরাসরি কোনো বিবৃতি দেয়নি বিশ্বভারতীর তরফে।
