
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেরলের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির স্মরণসভায় ১০ সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মাইক। বামশাসিত কেরল পুলিশের মনে হয়েছে, এ কোনও সাধারণ যান্ত্রিক গোলযোগ নয়। এর নেপথ্যে কোনও চক্রান্ত থাকতে পারে। এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
কেরলের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির স্মরণসভার আয়োজন করেছিল কেরল প্রদেশ কংগ্রেস। তাতে যোগ দিয়েছিলেন কেরলের বাম ও গণতান্ত্রিক সরকারের মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য বিজয়ন। তিনি পোডিয়ামে উঠে বক্তৃতা শুরুর কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় মাইক। কয়েক সেকেন্ড পরেই আবার ঠিক হয়ে যায়। নিজের বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের অনুষ্ঠানে গোলযোগের নেপথ্যে ষড়যন্ত্র দেখছে পুলিশ। সূত্রের খবর, ওই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ অবশ্য কোনও রাজনৈতিক দল বা কোনও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেনি। তবে সাউন্ডের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে তাঁরা। সাউন্ডের দায়িত্বে যিনি ছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে। যদিও তাঁর দাবি, সাংবাদিকদের হুড়োহুড়িতে একটি সুইচ বন্ধ হয়ে যাওয়ায় এই বিপত্তি। সেটা কয়েক সেকেন্ডে ঠিকও হয়ে গিয়েছিল। কিন্তু পুলিশ করছে পুলিশের কাজ।
