
ওয়াশিংটন, ২৩ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন দিতে দেখা গেল মার্কিন কংগ্রেসিদের। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মার্কিন কংগ্রেসিরা তুললেন সেলফিও। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোররাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য শেষে ১৫টি দাঁড়িয়ে অভ্যর্থনা, ৭৯টি করতালিতে অভিবাদন জানানো হয় প্রধানমন্ত্রী মোদীকে।
এরপরই মার্কিন কংগ্রেস সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অটোগ্রাফ এবং সেলফি তোলার জন্য সারিবদ্ধ হন। অটোগ্রাফ ও সেলফি তোলা শেষে সকলের উদ্দেশে হাত নেড়ে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে বেরোন প্রধানমন্ত্রী মোদী। মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, এটা সত্যিই সম্মানের বিষয়। নিজের বক্তব্যে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের বিষয়েও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণের মাঝে মার্কিন আইনপ্রণেতাদের দেখা যায়, করতালি দিয়ে, উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করতে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি এবং তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের সদস্যদের সারিবদ্ধ হতে দেখা যায়।
