
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিহাস সম্পর্কে সচেতন নন।' মঙ্গলবার এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী । এদিন তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিহাস সম্পর্কে সচেতন নন। বিষয় থেকে দৃষ্টি ঘোরাতে চাইলে তিনি পণ্ডিত নেহরুর বিরুদ্ধে মন্তব্য করতে থাকেন।
মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল বলেন, পন্ডিত জওহরলাল নেহেরু ভারতের জন্য জীবন দিয়েছেন, বছরের পর বছর জেলে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সম্ভবত ইতিহাস জানেন না, তিনি বিষয়টি নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছেন। আসল ইস্যু শুধু জাতিশুমারি নিয়ে। আমরা জাত শুমারির বিষয়টি উত্থাপন করব এবং দরিদ্রদের তাদের অধিকার দেব।
প্রসঙ্গত, গতকাল ৩৭০ বিলোপ নিয়ে সুপ্রিম রায়ের পরে ফের কাশ্মীর প্রসঙ্গে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভুলের কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রাজ্যসভায় দাঁড়িয়ে শাহ বলেন, “৩৭০ ধারার বিশেষ মর্যাদাই জম্মু-কাশ্মীকে গোটা দেশে থেকে বিচ্ছিন্ন করেছে।”এর পরেই নেহরুর ঐতিহাসিক ভুলের কথা তুলে ধরে তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় অসময়ে যুদ্ধবিরতি না হলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর বলে কিছু থাকত না। আমরাই জিতেছিলাম। যদি আর দুই দিন অপেক্ষা করতেন নেহরু, তাহলেই পুরো কাশ্মীর আমাদের হত।”
