
নয়াদিল্লি: বুধবার প্রকাশিত জাতিসংঘের তথ্য অনুযায়ী ভারত চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে। জাতিসংঘের সর্বশেষ বিশ্ব জনসংখ্যার পরিসংখ্যান অনুসারে ভারতের জনসংখ্যা এখন ১৪২.৮ কোটি এবং চীনের জনসংখ্যা এখন ১৪২.৫ কোটিতে দাঁড়িয়েছে। জনসংখ্যার এই বৃদ্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে|
দেশের যুব সমাজ কৃষি থেকে দূরে সরে যাওয়ার কারণে, কর্মক্ষেত্রে প্রবেশ করা লক্ষ লক্ষ যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে রীতিমতো সংগ্রাম করছে মোদিবাবুর সরকার। ভারতের জনসংখ্যার অর্ধেক ৩০ বছরের কম বয়সী, দেশটি আগামী বছরগুলিতে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। ভারতের জনসংখ্যা এখন বিশ্বের জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ, ইউরোপ, আফ্রিকা বা আমেরিকার সমগ্র জনসংখ্যার চেয়ে বেশি। একই পরিসংখ্যান আজ চীনের জন্যও সত্য, জাতিসংঘ আশা করছে পরিস্থিতির পরিবর্তন হবে, ভারতের জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে ১৬৬.৮ কোটিতে পৌঁছবে , যেখানে চীনের জনসংখ্যা ১৩১.৭ কোটিতে হ্রাস পাবে বলে অনুমান করা হচ্ছে।
