
শাহদোল, ১৯ এপ্রিল : মধ্যপ্রদেশের শাহদোল জেলায় দু'টি মালগাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আগুন ধরে গেল উভয় মালগাড়ির ইঞ্জিনে। বুধবার সকাল ৬.৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সিংহপুর রেল স্টেশনের কাছে, সংঘর্ষের জেরে মালগাড়ি দু''টি লাইনচ্যুতও হয়ে যায়। এই দুর্ঘটনায় দু'টি মালগাড়ির দু'জন লোকো পাইলট আহত হয়েছেন, এছাড়াও ৪ জন রেলকর্মী আহত হয়েছেন। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার জেরে বিলাসপুর-কাটনি রুটে সমস্ত ট্রেন প্রভাবিত হয়েছে।
রেল সূত্রের খবর, বুধবার সকালে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের বিলাসপুর জোনে, সিংহপুর রেল স্টেশনের কাছে দু'টি মালগাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উভয় মালগাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। উভয় মালগাড়ির লোকো পাইলট আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও ৪ জন রেল কর্মী আটকে পড়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একই লাইনে চলে এসেছিল দু'টি মালগাড়ি। ওই শাখায় চলাচল করা ১০টি ট্রেন বাতিল করা হয়েছে।
