
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর : দাদাভাই নওরোজির জন্মবার্ষিকী পালিত হল সংসদ ভবনে। রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে সহ বর্তমান ও প্রাক্তন সাংসদ সদস্যরা সোমবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে এই দিনটি উদযাপন করেন।
এনারা সকলে সোমবার দাদাভাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। লোকসভার মহাসচিব উৎপল কুমার সিংও দাদাভাই নওরোজিকে শ্রদ্ধা জানিয়েছেন। দাদাভাই নওরোজিকে "ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান" বলা হতো। ১৮৯২ সালে হাউস অফ কমন্সে নির্বাচিত প্রথম ব্রিটিশ ভারতীয় সাংসদ ছিলেন দাদাভাই নওরোজি। তাঁর "ড্রেন অফ ওয়েলথ" তত্ত্বের জন্য তিনি তৎকালীন সময়ে ভূয়ষী প্রশংসা পেয়েছিলেন। সেই সময়ে তিনি ছিলেন অগ্রগণ্য নেতাদের মধ্যে একজন, যিনি প্রথম ভারতের স্বাধীনতাকে সমর্থন করেছিলেন। ১৯৫৪ সালের ১৩ মার্চ সংসদ ভবনের সেন্ট্রাল হলে দাদাভাই নওরোজির প্রতিকৃতির উন্মোচন করেছিলেন তৎকালীন লোকসভার অধ্যক্ষ জি ভি মাভালঙ্কার।
