
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উল্টো রথের অনুষ্ঠানে একই সঙ্গে ওড়িশা ও ত্রিপুরাতে ঘটে যাওয়া অপ্রতিকর ঘটনার সাক্ষী থাকল দেশ। বুধবার ওড়িশায় দু’টি পৃথক ঘটনায় রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, পুরীতে জগন্নাথের রথ টানতে গিয়ে দড়ি ছিঁড়ে আহত হয়েছেন বেশ কয়েক জন।ওড়িশার কেওনঝাড় এবং কোরাপুট জেলায় পৃথক দু’টি ঘটনা ঘটে। কেওনঝাড়ে জগন্নাথের রথের চূড়া রাস্তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে রথের মধ্যে দাঁড়িয়ে থাকা দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
পুরীতে উল্টোরথ উপলক্ষে জগন্নাথের রথ টানার সময় রথের দড়ি ছিঁড়ে যায়। ছ’জন এই ঘটনায় আহত হয়েছেন। তাঁরা রথ টানছিলেন। দড়ি আচমকা ছিঁড়ে গেলে সকলে ছিটকে পড়েন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ত্রিপুরায় রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার সাত জনের মৃত্যু হয়েছে। রথের চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সেটিতে আগুন লেগে যায়। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, অগ্নিদগ্ধ হয়ে মৃতদের মধ্যে ছিলেন তিন শিশু, তিন মহিলা। গুরুতর জখম হন ১৬ জন।
