
জয়পুর, ২৬ আগস্ট : আগামী এক সপ্তাহে রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। রাজস্থানে বর্ষা প্রায় শেষের পথে। রাজস্থানের প্রায় ৮টি জেলায় বৃষ্টিপাত কমে গিয়েছিল। বর্ষার দ্বিতীয় পর্যায়েও এইসব জেলায় বর্ষার শূন্যতা পূরণ করা সম্ভব হয়নি। রাজস্থানের বন্সওয়াড়া, বরান, বুন্দি, চিতোরগড়, দুঙ্গারপুর, ঝালাওয়ার, কোটা, প্রতাপগড়ে এখনও গড়ের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে সর্বাধিক ঘাটতি হয়েছে, বরানে ৩৯ শতাংশ এবং ডুঙ্গারপুরে ৩৩ শতাংশ।
রাজস্থানে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বর্ষা আবার ফিরে আসবে বলে মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে। পশ্চিম রাজস্থানে, জুন-জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু আগস্ট মাসে সেরকম বৃষ্টিপাত হয়নি। বারমের, বিকানের, চুরু, শ্রীগঙ্গানগর, হনুমানগড়, জালোরে খুব সামান্যই বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতরের ডিরেক্টর আর এস শর্মা জানিয়েছেন, বর্ষার অক্ষরেখা হিমালয়ের দিকে সরে গেছে। রাজ্যের বেশিরভাগ অংশে এখন বৃষ্টির গতি কমে গিয়েছে। আগামী এক সপ্তাহ পশ্চিম রাজস্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজস্থানে বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে ২০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। পয়লা জুন থেকে ২৪ আগস্ট পর্যন্ত রাজস্থানে ৪১৫.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
