
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৪-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারত থেকে আসন বাড়াতে সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তার রেশ ধরেই মোদী আজ থেকে দু’দিনের কেরল সফর শুরু করলেন। সন্ধ্যায় ওই দক্ষিণী রাজ্যের কোচিতে পৌঁছন তিনি।
দক্ষিণ ভারত সফরে গিয়ে এর রামায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত লেপাক্ষী মন্দির দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল অ্যাকাডেমি অব কাস্টমস, ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্স ভবনের উদ্বোধন করে উপস্থিত অফিসারদের উদ্দেশে মোদী বলেন, ‘‘রাম হলেন শ্রেষ্ঠ প্রশাসকের উপযুক্ত উদাহরণ, যিনি আমাদের সকলের অনুপ্রেরণা।’’
লেপাক্ষী মন্দির পরিদর্শন করেই নিজের দক্ষিণ ভারত সফর শুরু করেন মোদী। মন্দিরে পুজোও দেন। এই স্থানেই রাবণকে বাধা দিতে গিয়ে আহত হন জটায়ু। সেখান থেকে বীরভদ্র মন্দিরে যান মোদী। ভজন গানে অংশ নেন। এর পরে অভিবাসন দফতরের নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে রামরাজ্য প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করেন। আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন ও রামলালা বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে আজ থেকে বিশেষ ব্রত পালন করছেন মোদী নিজেও।
কেরলের বিজেপি নেতা এম টি রমেশের বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রী মোদীর কেরল নিয়ে স্বপ্ন রয়েছে। তিনি এই রাজ্যে আসায় আমাদের সব নেতা এবং কর্মীরা উৎসাহিত।’’ মোদী হিন্দুত্বের সঙ্গে তাঁর প্রচারকেও মিশিয়েছেন কোচিতে। পুষ্পবৃষ্টির মধ্যে রোড শো করেছেন মহারাজা কলেজ গ্রাউন্ড থেকে সরকারি অতিথিশালা পর্যন্ত। আগামিকাল, বুধবার সকালে সাড়ে ৬টায় তিনি গুরুভায়ুরে কৃষ্ণ মন্দিরে পুজা দেবেন। যাবেন ত্রিসূরে রামস্বামী মন্দিরে।
