
নয়াদিল্লি, ৬ জুন : আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সোমবারই নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং আগামী ১২ ঘন্টার মধ্যে আরব সাগরের পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্বে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। তবে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার গতিপথ কোন দিকে হবে, তা এখনও জানা যায়নি। আরব সাগরের পরিস্থিতি উপর নজর রেখেছেন আবহবিদরা।
এদিকে, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে, এখনও দেশে আগমণ হয়নি বর্ষার। গরমে হিমশিম খাচ্ছে পশ্চিমবঙ্গ-সহ দেশের একাংশ। এই পরিস্থিতিতে স্বস্তি পেতে বর্ষার অপেক্ষায় সকলে। কিন্তু সেই বর্ষারই পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই ঘূর্ণিঝড়। সেই ঝড় তৈরির কারণেই বর্ষা এ বার দেরিতে ঢুকতে পারে দেশে। এমনটাই মনে করছে আইএমডি। দেশে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। দেশের মধ্যে কেরলে প্রথম বর্ষা পা রাখে। আগেই মৌসম ভবন জানিয়েছিল, এ বার দেশে বর্ষা ঢুকতে দেরি হবে। কেরলে ৪ জুন বর্ষার আগমন ঘটতে পারে। কিন্তু এখনও অধরা সে।
