মাদারিহাট, ২৮ জানুয়ারি: খাবারের লোভে এবার দোকানে ঢুকে পড়ল হাতি। দোকান ভেঙে সাবাড় করল চাল, ডাল, চিনি-সহ অন্যান্য খাদ্যসামগ্রী। রবিবার ভোররাত দু'টো নাগাদ মাদারিহাট মেঘনাদ সাহা নগরে ঘটনাটি ঘটেছে। সেখানে স্থানীয় কেশবলাল শর্মার দোকানে হামলা চালায় হাতিটি। ভেঙে ফেলেছে তাঁর দোকানের ভেতর থাকা ফ্রিজ ও শোকেস।
লাগাতার হাতির হানায় ক্ষুব্ধ দোকান মালিক-সহ স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে কেশবলাল জানান, এই নিয়ে তাঁর দোকান চারবার ভাঙল হাতি। কিন্তু বন দফতর কোনও ক্ষতিপূরণ দেয় না বলে অভিযোগ তাঁর। উপর্যুপরি হাতির হানায় তিনি বীতশ্রদ্ধ বলে জানিয়েছেন।