
লখনউ, ১৪ মার্চ : বৃহস্পতিবার ফের সাত সকালে তৎপর হয়ে উঠলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতি ও তাঁর পরিবারের বিরুদ্ধে বালি খাদান মামলায় উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লির ১৩টি জায়গায় তল্লাশি চালালেন ইডি আধিকারিকরা।
সমাজবাদী পার্টির প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতির বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। আমেঠি ছাড়াও লখনউ ও মুম্বইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি করা হয়েছে গায়ত্রী প্রজাপতির স্ত্রী এবং ছেলের বাড়িতেও। জানা গেছে, এদিন সকাল ৬টা থেকে রাজধানী লখনউয়ে গায়ত্রী প্রজাপতির বাড়িতেও তল্লাশি শুরু করে ইডির দল। দেশের বিভিন্ন শহরে গায়ত্রী প্রজাপতির বেআইনিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পত্তির তদন্তে এদিন তল্লাশি চালায় ইডি।
