
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাম মন্দির উদ্বোধন নিয়ে মুখ খুললেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নাম না করেই মোদীকে নিশানা করে তিনি মন্তব্য করেছেন রাষ্ট্র ও ধর্মকে আলাদা করে দেখা উচিত। কেরালার মুখ্যমন্ত্রীর এই বার্তা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী বিজয়ন কেরালায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গ তুলে ধরে রাজনীতির অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমান দেশে এমন একটি পরিস্থিতির তৈরি হয়েছে যে ধর্মীয় উপাসনালয়ের উদ্বোধন সরকারি অনুষ্ঠান হিসেবে পালন করা হচ্ছে।
তিনি বলেন যাঁরা সংবিধান রক্ষার অঙ্গীকার করেছেন, তাঁদের উচিত সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার চরিত্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। কেরালার মুখ্যমন্ত্রীর নিশানায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা বুঝতে কারোর অসুবিধা হয়নি। এখানেই থেমে থাকেননি বিজয়ন। ধর্মনিরপেক্ষতা নিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেছেন। ভারতের ধর্মনিরপেক্ষতা মানে যে ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করা, তা নেহরু মনে করতেন বলে জানিয়েছেন।
