
রাঁচি, ১৬ অক্টোবর : আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ২৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী । এরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা । তামিলনাড়ুর জেলেদের মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে জয়শঙ্করকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি লিখে জেলেদের মুক্তির অনুরোধ করেন। জেলে ও মাছ ধরার নৌকাকে মুক্ত করার আবেদন জানিয়ে এই চিঠি লেখেন স্ট্যালিন। মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই যে, জেলেদের ও তাদের মাছ ধরার নৌকা ছেড়ে না দিলে ভারতীয় জেলেদের জীবন ও জীবিকাকে অত্যন্ত প্রভাবিত করছে। কেন্দ্রীয় মন্ত্রীকে, মুখ্যমন্ত্রী আরও লেখেন যে, দুটি পৃথক ঘটনায় ২৭ জন ভারতীয় জেলেকে গ্রেফতার করা হয়েছিল এবং কিছু মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করা হয়েছিল।
আন্তর্জাতিক মেরিটাইম বর্ডার লাইন (আইএমবিএল) অতিক্রম করার অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী রামেশ্বরম থেকে ২৩জন ভারতীয় জেলেকে গ্রেফতার করেছিল এবং চারটি নৌকা বাজেয়াপ্ত করেছিল। আরেকটি ঘটনায় দ্বীপরাষ্ট্রের নৌবাহিনী চারজন ভারতীয় জেলেকে আটক করেছিল এবং একটি যান্ত্রিক নৌকা বাজেয়াপ্ত করেছিল। জেলেদের পরিবার এরফলে গভীর সমস্যায় রয়েছে বলেও মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন। মাছ ধরার জীবিকায় বহু মানুষ সংসার চালান তাদের কথা ভাবতে কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্করকে অনুরোধও করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
