
জম্মু, ১৪ আগস্ট : ৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাধীনতা দিবসের দিন জম্মু ও কাশ্মীরে শান্তি যাতে নষ্ট না হয় সেইকারণেই নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সীমান্ত বরাবর এলাকার নিরাপত্তায় বেশি জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে জম্মু ও কাশ্মীর জুড়ে বিশাল ভারতীয় পতাকা সমাবেশের আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবসের দিন সন্ত্রাসবাদীদের হামলা হতে পারে, এমন সন্দেহ করে নিরাপত্তা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এমনকি সেইসব স্থানে গোয়েন্দা ব্যবস্থাও কড়া করা হয়েছে।
জম্মুতে পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, সিআরপিএফ, বিএসএফ এবং অন্যান্য আধাসামরিক বাহিনীও বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। অভ্যন্তরীণ এলাকাগুলিতে তল্লাশিও বাড়ানো হয়েছে। সন্ত্রাসবাদীরা যাতে রাতের অন্ধকারে অনুপ্রবেশ করতে না পারে তাই নাইট ভিশন ক্যামেরার সাহায্যে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি করা হচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় চলছে তল্লাশি অভিযান।
নিরাপত্তা সংস্থাগুলিকে যে কোনও সন্দেহজনক বিষয়বস্তুর ওপর নজর দিতে বলা হয়েছে। সেইরকম সন্দেহজনক কিছু মনে হলে অবিলম্বে তা জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।
জম্মু শহরের স্বাধীনতা দিবসের প্রধান অনুষ্ঠানস্থল মৌলানা আজাদ স্টেডিয়ামকে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করে সিল করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে এই তথ্যই জানা গিয়েছে।
