
জয়সলমের, ১৩ অক্টোবর: রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তে ১২ কোটি টাকার হেরোইন সহ একটি ড্রোণ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর কর্মীরা রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তের শ্রীগঙ্গানগর সেক্টরের শ্রীকরণপুরে আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালায়। অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীরা ১২ কোটি টাকার হেরোইন এবং একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানের দিক থেকে ড্রোন আসার শব্দ শোনা যায়। তৎক্ষণাৎ সেনারা পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। এরপর ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। ওই এলাকা থেকে হেরোইনের প্যাকেট ও একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করা হয়। সন্দেহজনক হেরোইনের প্যাকেটের ওজন আনুমানিক ২.২ কেজি। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ১২ কোটি টাকা। হেরোইন ও ড্রোনটি তদন্তের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে দেওয়া হয়েছে।
এর আগেও ৩ আগস্ট সীমান্তে বিএসএফ একই এলাকা থেকে ১০.৮৫০ কেজির হেরোইন উদ্ধার করে।
