
মুম্বই, ৩১ আগস্ট: দেশকে বাঁচানোই 'ইন্ডিয়া' জোটের প্রাথমিক লক্ষ্য। মুম্বইয়ে বিরোধীদের তৃতীয় বৈঠকের প্রাক্কালে বললেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি রাজা বলেছেন, "ইন্ডিয়া জোটের প্রাথমিক লক্ষ্য হল দেশকে বাঁচানো। সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ফেডারেলিজম বাঁচাতে সম্মিলিতভাবে লড়াই করা এবং বিজেপিকে পরাজিত করা। দেশ বড় সমস্যার মধ্যে পড়েছে। দেশ একাধিক সংকটের মধ্যে রয়েছে এবং দেশকে বিজেপি-আরএসএস মিলিত কবল থেকে মুক্ত করতে হবে। এটাই বিরোধীদের একত্রিত হওয়ার প্রাথমিক লক্ষ্য... আমরা নিশ্চিত যে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে।"
সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা আরও বলেছেন, "ভারত একটি গণতন্ত্র। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত গণতন্ত্রের জননী। আর গণতন্ত্রের মা মানে মায়ের সন্তান। যে কোনও শিশুই প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু বিজেপি এই প্রশ্নটি তুলছে কারণ তাঁরা মরিয়া। বিরোধী দলগুলিকে প্রশ্ন করার জন্য তাঁদের কাছে কোনও ইস্যু নেই এবং আমরা জানি বিরোধী দলগুলি সম্মিলিতভাবে যে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট পরিপক্ক।"
ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে এদিন মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে পৌঁছন ডি রাজা। সেখানে তাঁকে স্বাগত জানান উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত এদিন জোর দিয়ে বলেন, "বিরোধীদের ইন্ডিয়া জোট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শক্তি দেখে চিন সীমান্ত থেকে পিছিয়ে যেতে শুরু করবে।"
