২২ অক্টোবর এনএফ রেলের 'রোজগার মেলা' গুয়াহাটিতে

Rojgar Mela of NF Rail at Guwahati on October 22
Rojgar Mela of NF Rail at Guwahati on October 22

 

গুয়াহাটি, ২০ অক্টোবর  : রেল সহ কেন্দ্রীয় সরকারের বিভাগের শূন্যপদ পূরণের নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারত সরকারের কর্তৃক গৃহীত একটি উদ্যোগ ‘রোজগার মেলা’। এই মিশনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন প্রার্থীদের নিযুক্তিপত্র প্রদান করা হবে। আগামী ২২ অক্টোবর সকাল ১১টায় দেশব্যাপী নির্ধারিত স্থানগুলিতে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী নির্বাচিত প্রার্থীদের সম্বোধন করবেন। এই নতুন নিয়োগ ব্যবস্থার প্রথম ভাগে ৭৫,০০০ শূন্যস্থান পূরণ করা হবে এবং নিয়োগের প্রাথমিক ভাগে অন্যতম অবদানকারী হিসেবে থাকবে রেলমন্ত্রক।

প্রধানমন্ত্রীর নিয়োগ মিশনের অংশ হিসেবে গুয়াহাটিতে কর্মসূচির আয়োজনের দায়িত্ব এনএফ রেলওয়ের উপর অর্পণ করা হয়েছে। অসমের রাজধানী গুয়াহাটির মালিগাঁওয়ে অবস্থিত রং ভবন কালচারাল হল-এ এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গুয়াহাটিতে পরিচালিত মিশন কর্মসূচিতে কেন্দ্রীয় বন্দর, পরিবহণ এবং জলপথ ও আয়ুষ বিভাগের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল নবনির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন এবং বিভিন্ন সরকারি বিভাগের বরিষ্ঠ আধিকারিকরা সহযোগ করবেন। এই কর্মসূচিতে রেলওয়ে, সিবিডিটি, বিএসএফ, সিআইএসএফ ইত্যাদি সহ বিভিন্ন সরকারি বিভাগ থেকে প্রায় ২০০ নতুন নিয়োগপ্রাপ্তদের নিয়োগপত্র প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন কেন্দ্রীয় সরকারি বিভাগে ১.৫ বছরের মধ্যে ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। নিয়োগের প্রথম পর্ব ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। যাঁরা কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগদান করতে ইচ্ছুক, সে সকল প্রত্যাশীদের জন্য এই উদ্যোগ একটি সুযোগ সৃষ্টি করবে। এই কর্মসূচির লক্ষ্য, যুব সমাজের জন্য চাকরির সুযোগ তৈরি করার সরকারি প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…