
ছতরপুর, ৫ জানুয়ারি : ধর্ম দিয়ে রাজনীতি চলে, রাজনীতি দিয়ে ধর্ম হয় না, রামকে নিয়ে রাজনীতি করা বোকামি, শুক্রবার একথা বলেন, পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি শুক্রবার নয়ডায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন। শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে চলা রাজনীতির মধ্যেই বাগেশ্বরধামের বিখ্যাত কথক মহন্ত পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর একটি বড় মন্তব্য প্রকাশ্যে এসেছে। তিনি শুক্রবার বলেন, ভগবান শ্রী রাম রাজনীতির বিষয় নয়। ধর্ম দিয়ে রাজনীতি চলে, রাজনীতি দিয়ে ধর্ম হয় না। রামের নীতি হল মর্যাদা, ঐক্য ও শান্তি। এই অবস্থায় কেউ যদি রামকে নিয়ে রাজনীতি করে তাহলে সেটা বোকামো ছাড়া আর কিছুই হবে না। শুক্রবার নয়ডায় সংবাদমাধ্যমের কাছে পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রী সেই সব রাজনৈতিক দলগুলিকে তীব্র আক্রমণ করেন যারা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের কৃতিত্ব নিচ্ছেন । তিনি বলেন, ভগবান রাম সকলের। শবরীর মন্দির তৈরি হচ্ছে, নিষাদরাজের মন্দিরও তৈরি হচ্ছে, তাহলে কি জাতপাতের জন্য এই মন্দির নির্মিত হচ্ছে? জাতপাতের জন্য কোন মন্দির নেই, বরঞ্চ রামভক্তদের বিশ্বাসের জন্য মন্দির তৈরি করা হচ্ছে।
অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, অযোধ্যা যাওয়ার ব্যাপারে তিনি খুবই উত্তেজিত। রাম মন্দির আজ পর্যন্ত সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় জয়। এই উৎসব দীপাবলির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু ভারতীয়রাই নয় সারাবিশ্বে বসবাসকারী ভারতীয়রা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁকে জ্ঞানবাপী এবং মথুরা জন্মভূমি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনও সন্দেহ নেই যে জ্ঞানবাপীতে শিব আছেন এবং কৃষ্ণের জন্মস্থান কানহাইয়ার। বর্তমানে এএসআই রিপোর্টে এখানে সনাতন মন্দিরের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় বলেও এদিন উল্লেখ করেন শাস্ত্রীজি।
