
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে বহু রাষ্ট্রনেতাকে পিছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে অনেক এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যার্টফর্মেও তিনি বহুল আদৃত। এবার তেমনই একটি সোশাল মিডিয়া প্ল্যার্টফর্ম ইউটিউব সাবস্ক্রিপশনের নিরিখে রেকর্ড গড়লেন তিনি। মোদিই প্রথম কোনও রাষ্ট্রনায়ক, যাঁর ইউটিউবে এই বিপুল পরিমাণ সাবস্ক্রিপশন।
মঙ্গলবার ২ কোটি পেরিয়ে গিয়েছে মোদির ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসানোরা। যদিও মোদির থেকে অনেকখানিই পিছিয়ে তিনি। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৬৪ লক্ষ। ১১ লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলতে থাকা যুদ্ধের আবহে বেড়েছে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা। জেলেনস্কিরও পরে চার নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউটিউব চ্যানেলে তাঁর খবরাখবর নেন ৭ লক্ষ ৯৪ হাজার দর্শক।
এই তালিকা থেকেই স্পষ্ট যে সোশাল প্ল্যাটফর্মেও জনপ্রিয়তার দিক থেকে বহু গুণ এগিয়ে রয়েছেন মোদি। ভারত তো বটেই, গোটা বিশ্ব তাঁকে নিয়ে ঠিক কতটা আগ্রহী, এই পরিসংখ্যান তারই প্রমাণ। দুনিয়ার কোনও রাষ্ট্রনায়কের চ্যানেলের এত সাবস্ক্রাইবার নেই। আবার ভিউয়ারশিপের নিরিখেও বাকিদের দশ গোল দিয়েছেন মোদি। ২৬ ডিসেম্বর পর্যন্ত তাঁর চ্যানেলের ভিউ ২ কোটি ২৪ লক্ষ। দ্বিতীয় স্থানে থাকা জেলেনস্কির থেকে ৪৩ গুণ বেশি।যা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য নিঃসন্দেহে নজিরবিহীন।
