
দেহরাদুন : উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একনাগাড়ে বৃষ্টির ফলে নদ ও নদীতে জলের উচ্চতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
পাহাড়ি এলাকায় পাহাড় ভাঙার কারণে যেসব রুট যাতায়াতের জন্য বন্ধ হয়ে গিয়েছে সেখানে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভূমিধস ও প্রবল বৃষ্টির জন্য উত্তরাখণ্ডের ৪টি সীমান্তসহ মোট ১৮৭টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ২৫ আগস্ট পর্যন্ত রাজ্যে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই কারণে সরকার সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক করে দিয়েছে।
সোমবার সকাল থেকে দেহরাদুন ও অন্যান্য জায়গায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।গত দুই দিন ধরে আবহাওয়া প্রচণ্ড গরম থাকায় দুনের আশপাশের এলাকায় মানুষের অস্বস্তি বেড়েছে। রবিবার ও সোমবারের বৃষ্টির ফলে গরম কিছুটা কমলেও দুনের রাস্তা ও স্কোয়ার মোড় জলমগ্ন হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দেহরাদুন জেলার জৌনসার বাবরের কালসি এলাকার অনেক গ্রাম, প্রাথমিক বিদ্যালয় এবং পঞ্চায়েত বাড়ির ভবনগুলিও দুর্যোগের কবলে পড়েছে।
দেরাদুনের বিকাশ নগরের মাদসু মাজরা জাখানে ভূমিধসে মোট ২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব গ্রামে আরও বিপদ রয়েছে। এখান থেকে সব পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
